1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কুলিয়ারচরে পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, গ্রেফতার একজন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

গভীর রাতে চারদিকে যখন নিস্তব্ধ, ঠিক তখনই কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বসানো হয় পরিকল্পিত পুলিশ চেকপোস্ট, গাঁজাসহ পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা, কয়েক কিলোমিটার ধাওয়ার পর শেষ পর্যন্ত চারদিক থেকে ঘিরে ফেলে পিকআপ ভ্যানটিকে। কুলিয়ারচর থানা পুলিশের এই সফল অভিযানে উদ্ধার হয় ২৪ কেজি গাঁজা, জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

বুধবার, ১ জুলাই রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কুলিয়ারচর থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনকভাবে তুলাভর্তি একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু সংকেত উপেক্ষা করে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশও থেমে থাকেনি। সঙ্গে সঙ্গে শুরু হয় ধাওয়া। একপর্যায়ে ঢাকা মেট্রো-ন ১২-০৩৬৬ নম্বরের পিকআপ ভ্যানটি বাজরা বাসস্ট্যান্ড মাছ আড়তের ভেতরে ঢুকে পড়ে। মুহুর্তেই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। এরপর পিকআপ ভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় এবং মো. ডালিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ডালিম মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃত ডালিম মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলার তথ্য যাচাই-বাছাইয়ের পাশাপাশি তাঁর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা করা হয়।

কুলিয়ারচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

কুলিয়ারচরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একের পর এক মাদক উদ্ধার এবং কারবারিদের আইনের আওতায় আনছে কুলিয়ারচর থানা পুলিশ। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এমন ধারাবাহিক ও ঝুঁকিপূর্ণ অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সমাজ আরও নিরাপদ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং