1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা, আগামী প্রজন্ম নিয়ে এমপির বার্তা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার, ২ অক্টোবর ‘ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্স (ইচ্ছা)’ এর উদ্যোগে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, পাঁচ বছর পর আমার কী হবে, আই ডোন্ট কেয়ার। স্কুল ও হাসপাতালের বিষয়ে আমি আরও কঠোর হব এবং জবাবদিহিতা নিশ্চিত করব। অ্যাজ লং অ্যাজ আই অ্যাম এমপি।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। আগামী প্রজন্মকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী হিসেবে নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। বিশেষ করে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

মাজেদ বাবু আরও বলেন, শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। ঈশ্বরগঞ্জের স্কুল-কলেজ-মাদ্রাসার মানোন্নয়নে পরিবার, শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্সের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক ডা. আবুল হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. খুরশেদ আলম ভূঁইয়া জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম তাঁরা এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী উপজেলার ১৭০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃতি শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেয়া এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন ও মেধা বিকাশে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং