
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার, ২২ নভেম্বর বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।
মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেন গুরুদয়াল সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে করিমগঞ্জ উপজেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ভিপি সাইফুল ইসলাম সুমন আসন্ন উপ-নির্বাচনের নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা জরুরি।
নেতাকর্মীরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তারা নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply