1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

রাজনীতির প্রচলিত ধারা মানেই শোভাযাত্রা, মিছিল আর সমাবেশ-এমন চিরাচরিত দৃশ্যপটের বাইরে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ দেখা গেল কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের শোডাউন বা জনস্রোতের বাইরে গিয়ে শহরের অলিগলি পরিষ্কারের কাজে নেমেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার, ২৭ অক্টোবর দুপুরে কুলিয়ারচর পৌর শহরে এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

এর আগে দুপুর ১২টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন তারা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদৎ হোসেন শাহ আলম শাহ্ আলম সহ বিএনপি, যুবদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবার চিরাচরিত রাজনৈতিক কর্মসূচির বাইরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, রক্তদান, চিকিৎসাসেবা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৭ ও ২৮ অক্টোবর দেশজুড়ে এসব জনকল্যাণমূলক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কুলিয়ারচরের এই পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে আয়োজকেরা জানান, কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ না থেকে শহর ও এলাকার সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক কিছু করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তাদের প্রত্যাশা, নেতাকর্মীদের এমন পরিচ্ছন্নতা অভিযান দেখে সাধারণ মানুষের মধ্যেও নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং