
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া, চন্দ্রাবতী মন্দির এলাকা ও আশপাশের বিভিন্ন কাঁচা রাস্তা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
সোমবার, ১ জুন দুপুর ২টায় তিনি মাইজখাপন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি কয়েক কিলোমিটার পথ হেঁটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত চাহিদার কথা শোনেন। পরে দামপাড় এলাকায় কয়েক শতাধিক হিন্দু ধর্মীয় সদস্যদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে অংশ নেন।
বৈঠকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার কারণে যাতায়াতে ভোগান্তির বিষয়টি তুলে ধরলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। তিনি বলেন, এলজিইডির প্রকৌশলী এনে রাস্তা পরিমাপ করা হবে এবং যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেয়া হবে। আপনাদের জন্য আমার বাসার দরজা সবসময় খোলা। যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।
উঠান বৈঠকে বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, নির্বাচনের আগে আমি এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে,বিএনপি ক্ষমতায় এলে এমপি মহোদয়কে এই এলাকায় নিয়ে এসে জনগণের সমস্যাগুলো তাঁর সামনে তুলে ধরব। আজ আমি আমার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাঈন উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply