1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

করিমগঞ্জে পরিত্যক্ত দোকানে মিলল ৯ বস্তা ভিজিএফের চাল, জরিমানায় বিএনপি নেতা

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
করিমগঞ্জ: চাল চুরির অভিযোগে জরিমানায় দণ্ডিত স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম মানিক

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় একটি পরিত্যক্ত দোকানঘর থেকে ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার, ২১ মে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হলেও পরে জরিমানার টাকা পরিশোধ করায় তিনি মুক্তি পান।

এ ঘটনায় চাল আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে দরিদ্র পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে চাল পাঠানো হয়। তবে অভিযোগ উঠেছে, একটি অসাধু চক্র দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখে।

এমন অভিযোগের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।

অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা পরিত্যক্ত দোকানঘরটিতে তল্লাশি চালিয়ে সরকারি ভিজিএফের ৯ বস্তা চাল উদ্ধার করেন। উদ্ধার হওয়া চালগুলো গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং চাল মজুদের সঙ্গে জড়িতদের শনাক্তে তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের কর্মকর্তারা।

চাল মজুদ ও আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সরকারি ভিজিএফের চাল এবং প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে তার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পরে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তবে পরে অভিযুক্ত সাইফুল ইসলাম মানিক আদালতের নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয়।

এদিকে উদ্ধার হওয়া ৯ বস্তা ভিজিএফের চাল  করিমগঞ্জ উপজেলা পরিষদ স্থানীয় এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের চেষ্টা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। তারা বলেন, “যাদের জন্য সরকার সহায়তা পাঠায়, তাদের প্রাপ্য চাল যদি মাঝপথে লুট হয়ে যায়, তাহলে দরিদ্র মানুষ কোথায় যাবে?” দ্রুত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

নোয়াবাদ ইউনিয়নের কয়েকজন দরিদ্র উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারা বছর কষ্ট করে চলি। ঈদের সময় সরকার যে সহায়তা দেয়, সেটাই আমাদের বড় ভরসা। সেই চাল যদি আত্মসাৎ করা হয়, তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট আরও বেড়ে যায়।” তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন।

করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, “ইউএনও মহোদয়ের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ বস্তা চাল জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি। তবে অপরাধী ব্যক্তির মূল পরিচয় তিনি একজন অপরাধী।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং