
কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ছুরিকাঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার, ১৭ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ। এর আগে গতকাল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার পর ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিহত তরিকুল ইসলাম ইমন হোসেনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া মীরপাড়ার বাসিন্দা সোনা ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার পর থেকে ইমন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খুরশিদ মহল সেতুর নিচে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইমনের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই মরদেহ উদ্ধারে নৌ পুলিশকে অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
Leave a Reply