
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সকালে চাতল সিডিউল কাস্ট উচ্চবিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এখলাছ উদ্দিন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শিহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বারঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন।
এ সময় উপস্থিত ছিলেন বারঘড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান হালিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, করিমগঞ্জ উপজেলা শারীরিক শিক্ষক পরিষদের সভাপতি সাইদুর রহমান খোকন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, নিজাম উদ্দিন কাশেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান কাঞ্চন বলেন, তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দিতে হবে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply