
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে শরিকদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার, ২০ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কিশোরগঞ্জ-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে এ আসনে ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আহমদ আলী রয়েছেন। এ কারণে জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো একজনকে চূড়ান্ত প্রার্থী রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে আজ দুপুরে অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা তাঁর ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি জানান। তিনি লিখেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে মাঠে কাজ করার সুযোগ পেয়েছেন। এ সময় যারা তাঁর সঙ্গে কাজ করেছেন তাদের ত্যাগ ও সহযোগিতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ১০ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতার কারণে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। জোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন তিনি।
Leave a Reply