
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির বিদ্যমান মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলে অংশ নিয়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার, ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত, ৪ ডিসেম্বর থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মে. রুহুল হোসাইন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
এর অংশ হিসেবে শুক্রবার রাতে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়।
মিছিল চলাকালে মিজানুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে থাকা কর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, মশাল মিছিল চলাকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় জেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply