
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার প্রচারণা দিন দিন আরও তুঙ্গে উঠছে। এলাকায় তার গণসংযোগকে ঘিরে গ্রাম থেকে গ্রামে দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ।
শনিবার, ৬ ডিসেম্বর সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রাম হাটখলা কারবলা মাঠে অনুষ্ঠিত গণসংযোগে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থনে আবেগাপ্লুত হন কাজী রেহা কবির সিগমা।
গণসংযোগকালে তিনি বলেন, “আমার কোনো রাজনৈতিক দল নাই। আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের অধিকার তাদের হাতে পৌঁছে দেয়ার জন্যই আমি মাঠে নেমেছি।”
উপস্থিত কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন,“আমি যদি হাওরের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই, তাহলে আর সেচ প্রকল্পে পানি কিনতে হবে না। আমি হাওরের রূপ পাল্টে দেব। ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল ও উন্নয়নের কেন্দ্রবিন্দু।”
গণসংযোগের এক পর্যায়ে মঞ্চে বক্তব্য রাখেন তার চাচা কাজী মনসুরুল কাদের টুটুল।
তিনি ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করে বলেন, “কাজী রেহা কবির সিগমা এমন একটি পরিবারের সন্তান, যাদের শেকড় দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভাষা সৈনিক কাজী আব্দুল বারী শুধু অষ্টগ্রামের নয়, সমগ্র দেশের গর্ব। কাজী বাড়ি বরাবরই জনসেবা, সংস্কৃতি ও শিক্ষার অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে এসেছে।”
তিনি আরও যোগ করেন যে, কাজী সিগমার নেতৃত্বে হাওর অঞ্চল নতুন উন্নয়নভাবনায় এগিয়ে যাবে এবং অতীতের গৌরবকে ধরে রেখে সামনের দিকে চলবে।
এ সময় নারী, যুবক ও প্রবীণসহ অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গোটা মাঠজুড়ে উৎসবমুখর আবহ তৈরি হয়। তরুণরা জানান, সিগমার প্রতিশ্রুতি ও তার পরিবারের ইতিহাস তাদেরকে আরও অনুপ্রাণিত করছে।
আগামী দিনগুলোতে তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের আরও বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক এবং গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
Leave a Reply