1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

অষ্টগ্রামে দিক হারানো পরীক্ষার্থীবাহী নৌকা উদ্ধার; পাঁচ ঘণ্টার আতঙ্কের পর স্বস্তি!

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের ৮০ জন পরীক্ষার্থীর জন্য সোমবারের রাতটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। কুলিয়ারচর সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষা শেষে ফেরার পথে তারা হাওরের মধ্যে দিক হারিয়ে প্রায় পাঁচ ঘণ্টা নিখোঁজ ছিলেন। অবশেষে রাত ১টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একটি বড় যাত্রীবাহী নৌকায় করে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। হাওরের মাঝপথে ঘন কুয়াশা ও রাতের অন্ধকারে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলেন। মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

শিক্ষার্থীরা জানিয়েছে, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আমরা শুধু কুয়াশা আর কালো অন্ধকার দেখতে পাচ্ছিলাম। অনেকেই কান্না করছিল, কেউ কেউ নামাজ পড়ছিল। আমরা সবাই আতঙ্কিত ছিলাম, কিন্তু একসঙ্গে থাকার চেষ্টা করেছি।

শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে। একাধিক স্পিডবোট ও উদ্ধার দল হাওরের বিভিন্ন অংশে তল্লাশি চালায়।

মঙ্গলবার, ১৪ অক্টোবর রাত ১টার দিকে একটি চরে নৌকাসহ শিক্ষার্থীদের নিরাপদে খুঁজে পাওয়া যায়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার খবর শুনার পরপরই দীর্ঘ অনুসন্ধানের পর আমরা তাদের নিরাপদে উদ্ধার করেছি। সবাই শারীরিকভাবে ভালো আছে, তবে মানসিকভাবে অনেকে ভীত ছিল।

স্থানীয়রা জানান, অষ্টগ্রামের শিক্ষার্থীরা নিয়মিত কুলিয়ারচর পরীক্ষা কেন্দ্রে নৌপথে যাতায়াত করেন। হাওরের এই পথ রাতে ঘন কুয়াশা ও দিকনির্দেশনার সংকটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকরা নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দিকনির্দেশক বাতিঘর স্থাপনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং