
কিশোরগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার, ২১ সেপ্টেম্বর দুপুরে শহরের পুরান থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণ কাজ চলছিল। দুপুরে নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি ভবনের পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহুর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply