
কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অনলাইন জুয়া এবং প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং অনলাইনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার, ২০ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে শনিবার রাতে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শুরু করা হয়।
পুলিশ সুপার জানান, শনিবার রাতে কিশোরগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা এবং অনলাইনে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। অনলাইনভিত্তিক জুয়া ও অর্থ হাতিয়ে নেয়ার মতো কর্মকাণ্ড ঠেকাতে শহর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply