
অপহরণের মাত্র ১২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৩ সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. সিফাত(২০) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর পল্টন এলাকা থেকে অপহৃত শিশুসহ তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে দায়েরকৃত অভিযোগ ও থানায় লিপিবদ্ধ জিডি সূত্রে জানা যায়, বাদি মো. আব্দুর রহমান (২৫) এর প্রতিবেশী বিবাদি সিফাত(২০) গত ২২ সেপ্টেম্বর দুপুর অনুমান ২টার দিকে বাদির ২ বছর ৮ মাস বয়সের ছেলে ভিকটিম রাহাতকে কোলে নিয়ে আদর করতে করতে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার বাড়ি থেকে নিয়ে যায়। পরবর্তীতে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে বিবাদি সিফাত বাদি ভিকটিম শিশুকে নিয়ে না আসায় বাদিসহ তার বাড়ির লোকজন আশপাশের সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে কোন তথ্য পান নাই।
ওই ঘটনায় ভিকটিমের বাবা মো. আব্দুর রহমান কিশোরগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রী করার পাশাপাশি র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্তসহ ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবহিকতায় অপহরণের মাত্র ১২ ঘন্টার মধ্যেই র্যাব অপহৃত শিশুসহ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামিকে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply