1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন।”

শনিবার, ৩১ মে দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কার চান না, তারা বিগত নির্বাচনগুলোর দিকে তাকিয়ে দেখুন। সেই অভিজ্ঞতাই প্রমাণ করে বিচার ও সংস্কার কতটা জরুরি। বিচার ও সংস্কার ছাড়া যে নির্বাচন হয়, তা জনগণের রায় নয়—একটি প্রহসনমাত্র।”

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “বিচারের নামে যারা অবিচার করেছে, নিরপরাধ মানুষদের হত্যা করেছে, তাদেরও বিচার হওয়া উচিত। আমরা এমন নির্বাচন চাই না, যা কেবল ফরমালিটি পূরণ করে। জনগণের অধিকার রক্ষায় ন্যায়বিচার ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতেই হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিচার ও সংস্কার ছাড়া তড়িঘড়ি করে কোনো নির্বাচন দিলে তা জাতির জন্য বিপজ্জনক হবে। এতে করে আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জনও ব্যর্থতায় পর্যবসিত হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক রমজান আলী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং