
নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
সোমবার, ১ বৈশাখ সকাল থেকে শহরজুড়ে শুরু হয় উৎসবের রঙিন আমেজ। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনটি উদযাপনে গ্রহণ করে বর্ণাঢ্য কর্মসূচি।
সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রায় ছিল লাঠিখেলা, গরুর গাড়ি যাত্রা, ধানকাটা কৃষকের প্রতিকৃতি—যা ছিল বিশেষ আকর্ষণ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে জেলা প্রশাসক ফৌজিয়া খান পুরাতন স্টেডিয়ামে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। এ মেলায় স্থান পেয়েছে গ্রামীণ হস্তশিল্প, মাটির তৈজসপত্র, ঐতিহ্যবাহী খাবার।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে পালিত হয়েছে বাংলা নববর্ষ, যা নতুন বছরে নতুন আশা ও আনন্দের বার্তা নিয়ে এসেছে সর্বস্তরের মানুষের মাঝে।
Leave a Reply