1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক ১, ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। তবে অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার, ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের একটি বড় চালান সাদা রঙের (ঢাকা মেট্রো- গ- ৩১-৭৩৮২ নাম্বারযুক্ত) একটি মাইক্রোবাসে করে পরিবহন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন র‌্যাব সদস্যরা। সন্দেহভাজন মাইক্রোবাসটি পৌঁছালে সেটিতে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় নিখুঁতভাবে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাড়িতে থাকা একজনকে আটক করা হয়। পরে ডিজিটাল মিটারে মেপে উদ্ধারকৃত গাঁজার ওজন দেখা যায় ৪০ কেজি।

অভিযানের খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা মাপার দৃশ্য এবং আটক ব্যক্তির ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, এ সময় দায়িত্বরত র‌্যাব সদস্যরা সাংবাদিকদের পেশাগত কাজে চরম বাধা প্রদান করেন। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ছবি-ভিডিও তুলতে নিষেধ করা হয় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী কয়েকজনের মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করে রাখা হয়।

প্রকাশ্যে চালানের ওজন মাপা ও আটকের ঘটনার ছবি-ভিডিও ধারণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন বাধাদানের ঘটনায় উপস্থিত জনগণ ও সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। স্থানীয়দের প্রশ্ন-‘পাবলিক প্লেসে একটি সফল মাদকবিরোধী অভিযানের ছবি বা ভিডিও তুলতে কেন বাধা দেয়া হলো? তথ্যের এই গোপনীয়তায় কার কী লাভ?’ অপর দিকে অভিযানের সাড়ে চার ঘন্টা পেরিয়ে গেলেও কুলিয়ারচর থানায় কোন অভিযোগ দাখিল করেনি র‌্যাব। এ নিয়েও জনমনে দেখা দিয়েছে চরম সন্দেহ। কারণ, ঘটনাস্থল কুলিয়ারচর এলাকায়, মামলা করতে হলে আইনগতভাবে কুলিয়ারচর থানায়ই করতে হবে। কিন্তু এ রিপোর্ট লিখা পর্যন্ত কুলিয়ারচর থানায় এ বিষয়ে কোন মামলা হয়নি।

এব্যাপারে দৈনিক কালের নতুন সমাজ এর কুলিয়ারচর প্রতিনিধি সাংবাদিক মো. সবুজ মিয়া বলেন, র‌্যাবের অভিযান পরিচালনা কালে কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরীসহ তাকে অভিযানের ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দেয় র‌্যাব সদস্যরা। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা ছবি ও ভিডিও করার সময় বেশ কয়েকজনের নিকট থেকে মোবাইল নিয়ে যায় তারা। পরে কিছুক্ষণ জব্দ রাখার পর মোবাইলগুলো ফিরিয়ে দেয়া হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করা হলেও সাংবাদিকদের বাধার বিষয়ে র‌্যাবের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং