
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৬ জুলাই দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় দলটির নেতারা কর্মসূচির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুলাই জেলার তাড়াইল, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে জেলা সদস্য সচিব আরিফুর রহমান বাবু বলেন, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে আগামীকালের কর্মসূচিতে হামলার চেষ্টা হতে পারে। এ কারণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার জন্য ‘পতিত আওয়ামী লীগের’ সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ২৭ জুলাইয়ের ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply