
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দু’জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতার দুইজন হলেন, উপজেলার পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শামিম মিয়া (৪৫) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ, এএসআই মো. মোশারফ হোসেন এবং এএসআই কাঞ্চন মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করে। অভিযানকালে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যান। গ্রেফতারের পর যুবলীগ নেতা শামীমের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে ৩৫০ পিসি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম পৌর শহরের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং পৌর যুবলীগের সদস্য। পরে তাদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় সেইসাথে যুবলীগের সভাপতি শামীমকে সন্ত্রাস বিরোধী আইনে শোন এ্যারেস্ট দেখানো হয়।
Leave a Reply