1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ইসলামপুরের দরিদ্র পরিবারের মেয়ে লোবা আক্তার আজ জাতীয় কাবাডির তারকা

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলার মোজাজাল্লা গ্রামের সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা লোবা আক্তার আজ জাতীয় কাবাডি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও প্রতিকূলতাকে জয় করে জাতীয় পর্যায়ে নিজ প্রতিভার স্বাক্ষর রেখে তিনি হয়ে উঠেছেন ইসলামপুরবাসীর গর্ব।

পরিবারের তৃতীয় মেয়ে লোবা আক্তারের বাবা উজ্জ্বল মন্ডল ও মা মর্জিনা খাতুন শ্রমজীবী মানুষ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল ঝোঁক ছিল তার। পড়ালেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনই তাকে আজকের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমানে তিনি ঢাকার গণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্স করছেন।

২০২২ সালে প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে লোবা সুযোগ পান জাতীয় কাবাডি দলে। এরপর থেকে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য ও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি প্রশংসা কুড়িয়েছেন সবার। দেশের হয়ে বিদেশের মাটিতেও একাধিক ম্যাচ খেলেছেন লোবা। বর্তমানে তিনি আনসার দলের হয়ে এশিয়া কাপে অংশ নিচ্ছেন।

তার এই অর্জন শুধু পরিবার নয়, পুরো ইসলামপুর তথা জামালপুরের মানুষের মাঝে আনন্দের জোয়ার তুলেছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার বলেন, বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু, যা আন্তর্জাতিকভাবে কাবাডি নামে পরিচিত, একসময় গ্রামবাংলার মাঠে ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আধুনিকতার ভিড়ে এই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। তাই স্কুল-কলেজ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাধ্যতামূলক করা এবং কাবাডিকে পেশাগতভাবে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ জরুরি যাতে তরুণরা ক্যারিয়ার গড়তে উৎসাহিত হয়।

স্থানীয় ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ বলেন, লোবার সাফল্য আমাদের অনুপ্রাণিত করে। ইসলামপুরের মেয়েরা পারে লোবা তার জীবন্ত উদাহরণ। তার উত্থান নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং