
কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফি (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রবিবার,১২ জুলাই বিকেলে পৌর শহরের উপজেলা কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত রাফি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলায়।
আহত শিক্ষার্থী জানান, বাড়ি দূরে হওয়ায় একটি কিশোর গ্যাং প্রায়ই তার কাছে টাকা দাবি করত। রবিবার অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা তার কাছে ২০ টাকা চায়। টাকা দিতে না পারলে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও হাতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, আহত শিক্ষার্থীর পেটে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার পর তার পেটে একাধিক সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply