1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জ এক্সপ্রেসকে জারিয়া নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২ জুলাই বেলা সাড়ে ৩টায় কিশোরগঞ্জ রেলস্টেশন চত্বরে ‘আমরা কিশোরগঞ্জ জেলাবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক রেলযাত্রী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এটি জেলার লাখো মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন চাকরি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে অসংখ্য মানুষ এই ট্রেনে যাতায়াত করেন। ট্রেনটির গন্তব্য জারিয়া পর্যন্ত বর্ধিত করা হলে যাত্রাপথ দীর্ঘ হওয়ার পাশাপাশি সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে কিশোরগঞ্জের নিয়মিত যাত্রীদের ওপর।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তা বিবেচনায় না নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলার মানুষের স্বার্থ উপেক্ষা করে নেয়া এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিশোরগঞ্জ এক্সপ্রেসকে পূর্বের গন্তব্যেই পরিচালনার দাবি জানান তারা।

কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সম্পাদক  ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, প্রভাষক ফরিদ আহমদ, গাংচিল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবু সাঈদ,স্বর্ণ ব্যবসায়ী মাসুদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, কিশোরগঞ্জবাসীর যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সমাবেশ থেকে কিশোরগঞ্জ জেলার ছয়জন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, জেলার মানুষের স্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা যেন অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারে কার্যকর ভূমিকা রাখেন। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন নিয়মিত যাত্রী বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেসের বর্তমান রুট ও সময়সূচি জেলার মানুষের দীর্ঘদিনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রেনটির গন্তব্য পরিবর্তন করা হলে যাতায়াতে অতিরিক্ত সময় লাগবে এবং সাধারণ যাত্রীরা নানা ধরনের ভোগান্তির মুখে পড়বেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মূল উদ্যোক্তা ছিলেন কিশোরগঞ্জ শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা ও ক্যাবল নেটওয়ার্ক  ব্যবসায়ী তোফায়েল তপু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং