1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দুই কোটি টাকার একটি সড়ক সংস্কার ও নির্মাণ কাজে পুরাতন ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাগ বাজার থেকে নবাবগঞ্জ বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের সিডিউল অমান্য করার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে করে সরকারি বিপুল অর্থ ব্যয়ের পরও সড়কটির স্থায়িত্ব ও মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ বাজার থেকে নবাবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ৩২০ মিটার সড়ক সংস্কার ও নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় ২২৭ মিটার প্যালাসাইডিং ও একটি ইউ ড্রেন নির্মাণেরও কথা রয়েছে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিবি এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, কাজের নির্ধারিত সিডিউল ও মানদণ্ড অনুসরণ না করে ঠিকাদার নিজের মতো করে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করছেন। বিশেষ করে রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের মান ও স্থায়িত্বের জন্য ক্ষতিকর বলে মনে করছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং ঠিকাদারের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া বলেন, রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট ব্যবহার করতে দেখে আমরা ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতি লাখ ইটের মধ্যে প্রায় ৪০ হাজার ইট পুরাতন ব্যবহার করা হবে। এতে রাস্তার মান ঠিক থাকবে কি না তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, উপজেলা এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করেই ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করছেন। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

এ বিষয়ে মেসার্স বিবি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি রাসেল মিয়া বলেন, উপজেলা এলজিইডি অফিসকে অবহিত করেই পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে।

তবে উপজেলা এলজিইডি অফিসের তদারকির দায়িত্বে থাকা কার্য সহকারী রেজাউল করিম বলেন, রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট ব্যবহারের কোনো সুযোগ নেই। পুরাতন ইটগুলো ভেঙে খোয়া হিসেবে রাস্তায় ব্যবহার করার কথা রয়েছে।

উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, রাস্তা নির্মাণ কাজে সিডিউল বহির্ভূত বা নিম্নমানের কোনো উপকরণ ব্যবহারের সুযোগ নেই। কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং