1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের  দাবিতে মানববন্ধন

‎নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ।

‎‎শুক্রবার, ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ। এতে অংশ নেয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীগণ। এ ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

‎‎গতকালকের ঘটনায় আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

‎‎জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী। এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

‎‎এদিকে হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গতকাল বৃহস্পতিবার রাতে বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও  ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানিয়ে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান বলেন, সাংবাদিকদের ওপরে যে হামলাটি হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের ওপর এভাবে আক্রমণ ও সন্ত্রাসী কার্যকলাপ আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও রাষ্ট্রের কাছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তার জায়গাটি তারা নিশ্চিত করবে। পাশাপাশি হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক।

‎‎মানববন্ধনে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেইভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এটা ন্যাক্কারজনক। এমন ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি ও গোটা জাতির জন্য অশনিসংকেত। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

‎কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ হামলার ঘটনায় জড়িত জীবন এবং মনা নামে দুইজনকে আটক করা হয়েছে।বাকি অপরাধীদের গ্রেফতার করতে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং