1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে  ছাত্রলীগের বিক্ষোভ মিছিল; ৪৫ জনের নামে থানায় মামলা

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

সন্ত্রাসবিরোধী আইনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর ব্যানারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪ /১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২৫/৩০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, ১৪ অক্টোবর কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি গ্রামের মো. মুখলেছুর রহমানের ছেলে কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম (৩৮) বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর ব্যানার হাতে নিয়ে একটি গ্রামীণ সড়কে মিছিল করছেন। এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।

গত ১১ অক্টোবর বিকালে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ও পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, মিথ্যা মামলা আর অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে কখনো আদর্শকে দাবিয়ে রাখা যায় না। কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের নির্দেশে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের দুর্দান্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিজয় আমাদের সুনিশ্চিত! তিনি আরও লিখেন, ইতিহাস সাক্ষী কোনো অপপ্রচার বা অন্যায্য নিষেধাজ্ঞা দিয়ে ছাত্রলীগের আদর্শিক চেতনা ও গণতান্ত্রিক সংগ্রামকে স্তব্ধ করা যায়নি, যাবেও না। আমাদের লড়াই রাজপথে ছিল আছে এবং রাজপথেই এর সঠিক জবাব দেয়া হবে। ওয়ালিদ আহমেদ রবিন তাঁর পোস্টে আরো লিখেছেন, “আমাদের দাবিয়ে রাখতে পারবা না!” – সত্য ও ন্যায়ের জয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। খাইরুলসহ সকল বীর রাজপথের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে লিখেন, দেখা হবে রাজপথে!

এছাড়াও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ও পোস্ট শেয়ার করেন। তিনি লিখেন, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিনসহ স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এই মিছিলটি সংঘটিত হয়।

মামলায় কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের মহিউদ্দিনে ছেলে খাইরুল (২৮), মৃত আব্দুল হামিদের ছেলে আবু বাক্কার (৫০), আবু বাক্কারের ছেলে অনিক (২৫), মৃত ইরা মিয়ার ছেলে মারুফ (২৪), মির্জালীর ছেলে কামাল (২৫), এমদাদের ছেলে ছোটন (২৫) ও মুরাদ (২৪), কাজলের ছেলে পাভেল (২৬), জাহাঙ্গীরের ছেলে মুস্তাকিন (২৬), জিল্লু মিয়ার ছেলে আনু মিয়া (২৫), হাসান আলীর ছেলে সাদেক (২৬), শাহ আলমের ছেলে রাকিব (৩২), আতেম আলীর ছেলে রাহুল (২৮), মৃত রইছ উদ্দিনের ছেলে মাসুম (৩৫) ও আবু সাদ এর ছেলে বাবলু (২৫) দের আসামি করা হয়েছে।

বাদি মো. সিরাজুল ইসলাম (৩৮) তার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১১ অক্টোবর বেলা অনুমান ১.২০ ঘটিকার সময় মোটর সাইকেলযোগে তিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে বাড়ি আসার পথে উপজেলার গোরবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর শান্তি মোড়ে পৌঁছালে দেখতে পান নিষিদ্ধি ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতা কর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে শেখ হাসিনা আসবে- রাজপথ কাঁপবে, শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু “মুজিব তোমার স্মরনে-ভয় করি না মরণে” মানি না-মানবো না ইত্যাদি স্লোগান দিয়ে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন নেতাকর্মী শান্তি মোড় থেকে ২০০ গজ দক্ষিণ দিকে আসিয়া মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করা, জননিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্রের সংহতি বিনষ্টের উদ্দেশ্যে সংগঠিত হয়ে অপরাধ্যমূলক ষড়যন্ত্র ও প্ররোচনা সৃষ্টি করেছে।

মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, লিখিত অভিযোগ ও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং