1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডা. সোহেলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) শূন্য আসনের আসন্ন উপ-নির্বাচনে বিনেপি দলীয় মনোনয়নের দাবিতে বিশাল মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর বিকেলে করিমগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) শূন্য আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. এরশাদ আহসান সোহেল।

বিকেল ২টা থেকে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। পরে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল বের হয়ে তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোডাউন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন উপ-নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে ডা. মো. এরশাদ আহসান সোহেলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন, “পতিত স্বৈরাচার ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাড়াইল ও করিমগঞ্জের সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।”

উপ-নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের সুখ-দুঃখ ও সম্ভাবনার সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে করিমগঞ্জ ও তাড়াইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করব।”

এ সময় করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং