
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবার, ১৬ অক্টোবর সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ও সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের গুলিতে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয় না, বরং স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার ওপরও গুরুতর আঘাত হানে।
বক্তারা বলেন, আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। পাশাপাশি দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে অপরাধীরা উৎসাহিত হতে পারে। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার এবং নির্ভয়ে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এএসএম হোসাইন শাহীদ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল এবং সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply