1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে।

বুধবার, ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-রাফীউল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

​আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৯৮৪ ব্যাচের একজন অত্যন্ত চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি কর্মজীবনে প্রবেশ করেন।

​বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যশোর ও চাঁদপুর জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

​তবে বিগত সরকার আমলে পেশাদার এ কর্মকর্তাকে দফায় দফায় পদোন্নতি থেকে বঞ্চিত করা হয় এবং দীর্ঘ সময় ডাম্পিং পোস্টিংয়ে রাখা হয়। তিনি দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) এবং বোর্ড অব ইনভেস্টমেন্টেও (বিওআই) তিনি সফলতার সঙ্গে কাজ করেন। চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তা হিসেবে তাকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেয়া হয়।

​সচিব আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী মিসেস রুবিনা খালেক পেশায় একজন কলেজ শিক্ষক। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। সরকারি চাকরির পাশাপাশি সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় আবদুল খালেক বর্তমানে ‘অফিসার্স ক্লাব ঢাকা’-র কোষাধ্যক্ষ এবং ‘পল্লী সঞ্চয় ব্যাংক’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং