
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানী দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের সেই ঘামকে সম্মানের চোখে দেখি, ভালোবাসার সঙ্গে গ্রহণ করি’।
রবিবার, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটির জামায়াত সমর্থক স্ট্রোকে মারা যাওয়া শাহ আলমের (৫০) পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত নিকলী উপজেলার ছাতিরচরের আব্দুস ছালামের (৬০) পরিবারের সঙ্গে সাক্ষাত করতে যান।
এ সময় অন্যান্যের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডা. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জ পৌঁছে শহরের নগুয়াস্থ দলটি জেলা কার্যালয় পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতিবিনিময় করেন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এছাড়া গত ৮ ফেব্রুয়ারি ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।
Leave a Reply