1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে এ প্লাস পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস পাওয়া পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

সোমবার, ৭ সেপ্টেম্বর  দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। আগামী দিনের দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া এবং জামায়াতের নবীন সদস্য সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবিরের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কখনো আমাদের রাজাকার বলা হয়েছে, কখনো বলা হয়েছে যুদ্ধাপরাধী। এখন নতুন একটা শব্দ বের হয়েছে, “গুপ্ত”।’ তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শব্দ ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আবার বিভিন্ন পরিসরে একসঙ্গে আলোচনা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজন নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। এ সময় তারা বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং