1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নান্দাইলে রাজগাতী ইউপি ভবন স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পূর্বনির্ধারিত স্থান থেকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জনস্বার্থ উপেক্ষা করে দরিল্লা মৌজার ‘পাছদরিল্লা’ থেকে সরিয়ে কাশিনগর মৌজার ‘বনাটী’ গ্রামে ভবন নির্মাণের আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার, ২১ অগাস্ট বিকেলে পাছদরিল্লা গ্রামে ইউনিয়ন ভবনের জন্য পূর্বনির্ধারিত জায়গায় দরিল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৭টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের কয়েকশ সচেতন নাগরিক ও সাধারণ সেবাগ্রহীতাগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পাছদরিল্লা গ্রামটি ইউনিয়নের একটি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ স্থান। এখানে আগে থেকেই দরিল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন কৃষি অফিস, পোস্ট অফিস, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার বিদ্যমান। ফলে সাধারণ মানুষ এক জায়গাতেই সব ধরণের নাগরিক সেবা পেয়ে আসছেন। এছাড়া ১৯৬৬ সালে এখানেই ইউনিয়ন পরিষদের আদি ভবন স্থাপিত হয়েছিল এবং ২০০৭ সালে নতুন কমপ্লেক্সের জন্য আরও ২৫ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। ২০২৩ সালে এই স্থানেই ভবন নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু একটি প্রভাবশালী চক্র ইউপি ভবনটি রাজগাতী ইউনিয়নের সীমান্তবর্তী কাশিনগর মৌজায় বনাটী এলাকায় স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাবেশে অবসরপ্রাপ্ত শিক্ষক ও সচেতন নাগরিক মো. হারিছ উদ্দিন ভুঞা ও সাবেক মেম্বার আলীম উদ্দিন বলেন, “দীর্ঘদিনের ঐতিহ্য ও বর্তমান প্রশাসনিক কাঠামো বিবেচনায় পাছদরিল্লাতেই ইউনিয়ন কমপ্লেক্স হওয়া যুক্তিযুক্ত। সব ধরণের যোগাযোগ সুবিধা থাকার পরও হঠাৎ করে বনাটী গ্রামে ভবন স্থানান্তরের সিদ্ধান্তটি হঠকারী এবং এতে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে যাবে। আমরা এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানাই।”
স্থানীয় মাদ্রাসা শিক্ষক নুর হোসেন নুরানী ও আশরাফ উদ্দিন একরাম জানান, পাছদরিল্লা থেকে ভবন সরিয়ে নেয়া হলে যাতায়াত খরচ ও সময় অপচয়সহ সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হবে। স্থানীয় জনগণের প্রাণের দাবি উপেক্ষা করে ভবন স্থানান্তর করা হলে ইউনিয়নের অধিকাংশ মানুষের ভোগান্তির আরও বৃদ্ধি পাবে।
প্রতিবাদ সমাবেশে রাজগাতী ইউনিয়নের সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করেন এবং প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং