
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২০ অগাস্ট বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে দল-মত নির্বিশেষে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
পরে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল পাশা, নিহতের চাচা আইনজীবী ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহার মিয়া ও নিহতের ছোট ভাই কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির বৈদেশিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক আলমগীর শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশ থেকে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে জড়িত সব আসামিকে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ জানান, গত ১৫ জুলাই রাতে মিঠামইনে নিজ বাসভবনের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। এ সময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৮ জুলাই নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদি হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।
Leave a Reply