1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ‘জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা

এম এ হান্নান, পাকুন্দিয়া  (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করতে ‘মো. জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৫ জুলাই বেলা সাড়ে ১১টা  থেকে দুপুর সাড়ে ১২টা  পর্যন্ত শিমুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এ বৃত্তি পরীক্ষায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৯৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪৮ জন পরীক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি শ্রেণির উত্তরপত্র পৃথকভাবে মূল্যায়ন করা হবে। পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার ৫০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেককে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জুনায়েদ ভূঁইয়া মোহন, স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একটি প্রতিযোগিতামূলক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং