
কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে “পরিচ্ছন্ন পরিবেশ গড়ি,ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৩ জুন বেলা ১২টায় কিশোরগঞ্জ পৌরসভার মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তারা বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক সুহানা নাসরিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ও পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মারুফ, সৈয়দ শফিকুর রহমান (পৌর নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা) মো: রফিকুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী)।
এ সময় জেলা প্রশাসক সুহানা নাসরিন বলেন,“ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেয়া যাবে না।” তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি, অফিস ও আশপাশের এলাকায় তিন দিনের বেশি কোনো পাত্রে পানি জমিয়ে রাখা যাবে না। ফুলের টব, টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেয়া হয়।
Leave a Reply