
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র বিশেষ সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২৮ জন অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগি পাচ্ছেন ২৮ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তা।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ‘চিকিৎসা সহায়তা কার্যক্রমের’ আওতায় এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
জানা গেছে, ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া এবং লিভার সিরোসিসের মতো ব্যয়বহুল ও মরণব্যাধিতে আক্রান্ত নান্দাইলের ২৮ জন রোগিকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক রোগিকে এককালীন ১ লাখ টাকার চেক প্রদান করা হবে। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তিতে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। সারাদেশে মোট ১২১.৮৬ কোটি টাকা বরাদ্দের অংশ হিসেবে নান্দাইলের এই রোগিরা বিশেষ অগ্রাধিকার পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর তৎপরতায়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ জানান, সরকারি নীতিমালা ও স্বচ্ছতা বজায় রেখে এই অর্থ বিতরণ করা হবে। অনুদানপ্রাপ্ত রোগিদের যাবতীয় তথ্য ও টেস্ট রিপোর্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে’ (ওউঝউচ) এন্ট্রি করা হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই টাকা উপকারভোগীদের হাতে তুলে দেয়া হবে।
নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির জানান, নান্দাইলের অবহেলিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না, এই অনুদান তাদের জন্য আর্শীবাদ স্বরূপ। এই আর্থিক সহায়তার ফলে জটিল রোগে আক্রান্ত নিন্মবিত্ত পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন জানান, বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে, তাই মরণব্যাধি রোগিদের কথা চিন্তা করে রোগি প্রতি ৫০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করছে। তবে নান্দাইলে ২৮ লাখ টাকা বরাদ্দ দেয়ার জন্য তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মহোদয়ের প্রতি আমরা নান্দাইলবাসী কৃতজ্ঞ।
Leave a Reply