
কিশোরগঞ্জের তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির নবনির্বাচিত সভাপতি মো. মজিবুর রহমান।
বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সামির হোসেন সাকি।
সভার শুরুতে নতুন সভাপতি উপস্থিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান সভার আলোচ্যসূচি ও কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ও ফলাফল প্রকাশ, বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবস উদ্যাপন, এফএলএন যাচাই এবং চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য পরিচালিত মিড-ডে মিলের খাবারের মান বজায় রাখার বিষয়ে সতর্ক থাকার সিদ্ধান্ত নেয়া হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে শিখনঘাটতি চিহ্নিত করে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।
সভায় এসএমসির পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি অনুমোদন করা হয়। সভাপতি পদে মো. মজিবুর রহমান এবং সহসভাপতি পদে তামান্না আক্তারের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। উপস্থিত সদস্যদের সম্মতিতে তাঁদের পদে অনুমোদন দেয়া হয়।
বিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থ সুষ্ঠুভাবে ব্যয় ও আর্থিক লেনদেন স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে একটি ব্যাংক হিসাব পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির আহ্বায়ক ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে ওই হিসাব পরিচালিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় নবনির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্ব প্রধান শিক্ষককে দেয়া হয়।
সভা শেষে সভাপতি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply