
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শোভারামপুরের প্রাচীন শ্রী শ্রী জয়কালী মন্দিরের শতবর্ষ নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। সোমবার, ৫ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল চন্ডীপাঠের আয়োজন, ধর্মীয় ও জয়কালী মন্দিরের ইতিহাস এবং ইতিহ্য বিষয়ক আলোচনাসভা। এছাড়াও মন্দির দাতা ও মন্দির পরিচালনার দায়িত্ব পালনকারীদের আত্ম নিত্যধাম প্রাপ্তির লক্ষ্যে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানের মাঝে শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বিগত দিনে ভূতপূর্ব জয়কালী মন্দির পরিচালনাকারী পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ক্রেস্ট প্রাপ্তরা হলেন- জয়কালী মন্দির কমিটির সাবেক সভাপতি দুলাল চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস ও পদ্মলোচন ধর, সাবেক কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র ঘোষ এবং সাবেক কার্যকরী সদস্য চিত্তরঞ্জন পাল।
জয়কালী মন্দির শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক শ্রীমৎ হরিদাসানন্দ। ক্রেস্ট প্রদান করেন বাজিতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু ইন্দ্রজিৎ দাস। চন্ডীপাঠ করেন বাজিতপুরের নান্দিনার প্রদীপ কুমার চক্রবর্তী ও শোভারামপুরের মিহির চক্রবর্তী।
দিনব্যাপী অনুষ্ঠানমালার সার্বিক উপস্থাপনায় ছিলেন নয়ন চন্দ্র পাল। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন জয়কালী মন্দির শতবর্ষ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রীবাস চন্দ্র ঘোষ ও কোষাধ্যক্ষ সুজন চন্দ্র আচার্য্যসহ আরো অনেকে।
বিকেলে মন্দিরে পূজোর প্রসাদ বিতরণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সকলের মঙ্গল ও শান্তি কামনার্থে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এ সময় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শ্যামা সংগীত পরিবেশন করা হয়।
Leave a Reply