1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

অষ্টগ্রামের কাস্তুলে নারী নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল ভূইয়ার বিরুদ্ধে প্রবাসী গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে তার গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার,১৫ ডিসেম্বর বিকেলে কাস্তুল হোসাইনিয়া বাজারে কয়েকশ মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, আহত মিনারা আক্তার (২৮)-এর স্বামী মো. রবিন মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইউপি সদস্য জামাল ভূইয়া দীর্ঘদিন ধরে মিনারা আক্তারকে কুপ্রস্তাব দিয়ে মানসিক চাপ সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি প্রায়ই মিনারা আক্তার ও তার শাশুড়িকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও পরিবারের অভিযোগ।

ভুক্তভোগীদের দাবি শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাড়ির রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউপি সদস্য জামাল ভূইয়া ধারালো অস্ত্র দিয়ে মিনারা আক্তারের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এ সময় তাকে মাটিতে ফেলে একাধিকবার কিল-ঘুষি মারেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।

গুরুতর আহত অবস্থায় মিনারা আক্তারকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার নম্বর—১৩, তারিখ: ১৩/১২/২০২৫।

এদিকে এর আগেও অভিযুক্ত ইউপি সদস্য জামাল ভূইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। গত ১৬ নভেম্বর কাস্তুল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জায়গা দখলের অভিযোগে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তা করেন। এ ঘটনায় ১৭ নভেম্বর অষ্টগ্রাম থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয় যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়ে জামাল ভূইয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। সর্বশেষ এই হামলার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউপি সদস্য জামাল ভূইয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জনপ্রতিনিধির হাতে নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং