1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

অষ্টগ্রামে সম্প্রীতির বার্তা: স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

সামাজিক শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

রবিবার, ১৪ জুন দুপুরে অষ্টগ্রাম থানায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র থানায় জমা দেন।

এ সময় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার বিকল্প নেই। স্বেচ্ছায় অস্ত্র জমা দেয়ার এই উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভিডিও কনফারেন্সে সকলের উদ্দেশ্যে বলেন, সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আইন মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি। সহিংসতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির চর্চাই একটি নিরাপদ সমাজ গঠনের পথ সুগম করে।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করছে। অপরাধ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্থানীয় উদ্যোগে এ অস্ত্র জমাদান কর্মসূচির আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং