1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অষ্টগ্রামে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, আহত ৬:  আশঙ্কাজনক এক নারী

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম পশ্চিম পাড়ায় বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার , ১০ জুন সংঘটিত এ হামলার  ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাবেক উপজেলা চেয়ারম্যান এ. এফ. মাশুক নাজিমের বাড়ির পাশের এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় পরিবারের সদস্যরা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

আহতরা হলেন— লকাচ্ছ মিয়া (৪০), দিপা আক্তার (৩০), ঝরেনা খাতুন (৪০), করুনা খাতুন (৫০), রাবেয়া খাতুন (৩০) ও বাবু মিয়া (২০)। এছাড়া আরও একজন নারী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। গুরুতর আহত এক নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— আমির আলী (৬০), নজরুল মিয়া (৪০), আইজুল মিয়া (৩৮), সোকেল মিয়া (৩৫), শাকিল মিয়া (৩২), আন্নাছ আলী (৪২), মেহেরা আক্তার (৪৬) ও মর্জিনা আক্তার (৩২)। এছাড়াও আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের সবার বাড়ি মধ্য অষ্টগ্রামের সোনাই দিঘীর পশ্চিমপাড় এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সরেজমিনে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এছাড়া মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের চিকিৎসা চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং