
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
সোমবার, ১ জুন বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক। তাদের নেতৃত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শুরু হয়ে অষ্টগ্রাম বড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নবগঠিত জেলা ছাত্রদল কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক। তারা নবগঠিত জেলা কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।
বক্তারা বলেন, ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন। সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে সাধারণ শিক্ষার্থীদের কাছে সংগঠনের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসির, রোটারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তাকবীর আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিন, সাধারণ সম্পাদক নান্টু, সাংগঠনিক সম্পাদক আতিউল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এ আনন্দ মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অষ্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতারা আগামী দিনেও সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply