
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাভ সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।
এঘটনায় গ্রেফতার দুইজন হলেন, নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩২) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন হাসান অভি (৩৫)।
পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ টাকা দামের ৩৯০টি সিঙ্গেল পার্টের ভারতীয় কম্বল, ২ হাজার ৩০০ টাকা দামের ৮৭টি ডাবল পার্টের ভারতীয় কম্বল, ৫৫ টাকা দামের ১০০ মিলি ১ হাজার ৭৪০টি ডাভ সাবান, ৪০ টাকা দামের ৭৫ মিলি ৪৩২টি ডাভ সাবান, ২০ টাকা দামের ৫০ মিলি ৩৬০টি ডাভ সাবান এবং ১৫০ টাকা দামের ২০০ মিলি ৯৮৪টি অলিভ অয়েল। এছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মাঝারি ট্রাক ও একটি ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, নেত্রকোনার জেলার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় পণ্য সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply