
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি অটোরিকশা চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রুবেল মিয়া (২৬) একজন সৌদি প্রবাসী ও উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
রবিবার, ১৪ জুন বেলা ১টার দিকে উপজেলার গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মির্জাপুর শশ্মানঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে আসেন রুবেল মিয়া। আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে রুবেল নামে অপর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে বাহাদিয়া থেকে বাড়িতে আসছিলেন তিনি। এসময় অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাকা রাস্তায় পড়ে যান রুবেল মিয়া। সঙ্গে সঙ্গে দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান রুবেল। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বিডিচ্যানেলফোরকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply