
‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ ও প্রতিবেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট সকালে জেলা শহরের আখড়া বাজারের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং কার্যক্রমের প্রশংসা করেছেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা, যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন চ্যানেল আই-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হাসান, প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, বাংলালিংকের কিশোরগঞ্জের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আজিয়ার রহমান, বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জের শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতার পাশাপাশি গাছপালার গুরুত্ব উপলব্ধি করার সুযোগ পেয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ কিশোরগঞ্জে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
Leave a Reply