1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ফুট ব্রিজের পাটাতন বিধ্বস্ত, চার ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

 

ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত ফুট ব্রিজের পাটাতন বিধ্বস্ত হওয়ায় উপজেলার ৪টি ইউনিয়নের জনসাধারণের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা শুক্রবার বিকেল ৫টার দিকে এই ফুট ব্রিজটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেন। ব্রিজ সংলগ্ন সাহেবনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লরি পার হওয়ার সাথে সাথে ব্রিজের উত্তর পাশের পাটাতনটি বিধ্বস্ত হয়। অল্পের জন্য রক্ষা পায় লরি ও লরির চালক।

উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা ফকির জানান, ১৯৯৯ সালে জন দুর্ভোগ লাঘবের জন্য বাঁশের সাঁকোর পরিবর্তে স্বল্প মূল্যে কাঁচামাটিয়া নদীর ওপর ৭৫মিটার দীর্ঘ ঐ সেতুটি নির্মাণ করা হয়। এসব ফুট ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। কিন্তু প্রায়ই ভারী যানবাহন পার হওয়ার কারণে এই পাটাতন বিধ্বস্তের ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা জানান, এই ফুট ব্রিজের উপর দিয়ে সোহাগী, সরিষা, জাটিয়া ও ঈশ্বরগঞ্জ সদর এই চার ইউনিয়নের বাসিন্দারা নিয়মিত যাতায়ত সহ তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করে থাকেন। অবিলম্বে ব্রিজটি সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার বিডিচ্যানেল ফোরকে জানান, এ ধরনের ফুট ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। উপজেলায় ঝুঁকিপূর্ণ এসব ব্রীজের তালিকা করে অবিলম্বে টেকসই ব্রিজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর বিধ্বস্ত হওয়া ব্রিজের ছবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং