
কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার,২৮ অক্টোবর উপজেলার নতুন বাজার মোড়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হেরার আলো ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এই চিকিৎসাসেবা কার্যক্রম।
আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ১ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা সুবিধা দেয়া হয়েছে। এর মধ্যে ৪০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ৩০০ জনের রক্তচাপ (প্রেশার) এবং ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আসাদ মিয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন আয়োজন প্রতিনিয়ত করলে খুব উপকার হবে। টাকা ছাড়া প্রেশার এবং ডায়াবেটিস মাপতে পেরে আমার খুব ভালো লেগেছে।”
সংগঠনের সভাপতি জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফাইতুল্লাহ নাঈমের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসক প্রতিনিধি দল। পুরো আয়োজনটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি জুনায়েদ।
সংগঠনের সভাপতি জাকারিয়া হোসেন বলেন, “অসহায় ও সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবতার কল্যাণে আমাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে এই মানবিক আয়োজন সফল করতে সহায়তাকারী স্থানীয় এলাকাবাসী, স্বেচ্ছাসেবক ও টেকনিশিয়ানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের দায়িত্বশীলরা।
Leave a Reply