1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংঘর্ষ ও সড়ক অবরোধের জেরে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ প্রত্যাহার

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন তাকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেয়া হয়। পুলিশের প্রত্যাহার আদেশে ‘জনস্বার্থে’ বা প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত বুধবার, ১০ জুন রাতে ভৈরবে সংঘটিত সংঘর্ষ এবং ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ ওসি আতাউর রহমান আকন্দের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্য। প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

প্রঙ্গত: বুধবার সন্ধ্যায় ভৈরবের মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহরের কমলপুর ও দুর্জয় মোড় এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে রাত ১২টার পর অভিযান চালিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করা হলে মধ্যরাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওই ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। ভাংচুর ও লুটপাট হয় কমপক্ষে অর্ধশতাধিক দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

এসময় ভৈরব মাইক্রোবাস মালিক সমিতি ও পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়া পুলিশের টিয়ারসেলে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ভৈরবে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে। ভৈরব থানা, র‌্যাব ও উপজেলা প্রশাসনের দুর্বলতার কারণেই ভৈরব রেলওয়ে স্টেশন ও ঢাকা-সিলেট মহাসড়ক দখলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে সরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা অহরহ ঘটছে। দীর্ঘ যানজটে ৪/৫ ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।

এদিকে ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান শেলী জানিয়েছেন।

অপর দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার অন্যতম আসামি অন্তরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং