
ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় রওশনারা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে মারধরসহ পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আহত গৃহবধুর স্বামী স্যালন মিয়া বাদি হয়ে বুধবার (১০জুন) রাতে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে স্যালন মিয়ার বসতঘরের পেছনে বসে ইয়াবা সেবন করছিল প্রতিবেশী মৃত শাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া। বিষয়টি স্যালন মিয়ার স্ত্রী রওশনারা আক্তার দেখতে পেয়ে তাকে সেখানে বসে মাদক সেবন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মারুফ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে রওশনারাকে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করে। এসময় রওশনারা আর্তচিৎকার করলে তাকে বাচাঁতে শাশুড়ি জাহানারা আক্তার ও দেবরের স্ত্রী সুমাইয়া আক্তার এগিয়ে আসলে মারুফ ও তার সহযোগীরা তাদের ওপরও হামলা চালায় ও প্রাণাশের হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। আহত রৌশনারা আক্তারকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গৃহবধূর স্বামী স্যালন মিয়া জানান, মাদক সেবনে বাধা দেয়াতেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা ইতিপূর্বেও একাধিকবার তাদের হুমকি-ধমকি প্রদান করেছিল। আমি এর বিচার চাই।
অপরদিকে অভিযুক্ত মারুফ মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার সেলফোনে একাধিকবার কল দেয়া হলেও সেলফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply