
ভাটি অঞ্চলে অতি বৃষ্টিপাত ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার সরকারি ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ৬ হাজার ৪০০ কৃষকের মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ৯ জুন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মে ও জুন মাসের একত্রে ৬ হাজার টাকা করে নগদ সহায়তা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ মৌসুমে আকস্মিক বন্যার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকার পাকা ধান পানিতে তলিয়ে যায়। এতে অনেক কৃষক তাদের কষ্টার্জিত ফসল সম্পুর্ণভাবে ঘরে তুলতে পারেননি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে সহায়তার ঘোষণা দেয়া হয়েছিল। সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে এ সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, বন্যার কারণে ফসলহানির পর এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।
তবে কয়েকজন কৃষক অভিযোগ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত নন বা কৃষিকাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন কিছু ব্যক্তির নামও সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, “যদি তদন্তে দেখা যায় কোনো অক্ষতিগ্রস্ত ব্যক্তি বা অযোগ্য ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অধিকার নিশ্চিত করতে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”
স্থানীয়দের প্রত্যাশা, সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহযোগিতা পৌঁছে দেয়া হবে।
Leave a Reply